স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০১:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

#

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে মানবসম্পদ উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় পাঁচ শতাংশ বিনিয়োগের লক্ষ্য নিয়ে কাজ করছে।

রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক গবেষণা প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, অতীতে শিক্ষায় বিনিয়োগ তুলনামূলক কম থাকলেও এখন সরকার দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাখাতে ব্যয় বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তব দক্ষতা অর্জনই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চার ওপরও জোর দেন।

তিনি আরও জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখানোর বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। এতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে এবং রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আলোচনা অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক এবং নীতিনির্ধারকরা অংশ নেন। সেখানে প্রযুক্তিনির্ভর শিক্ষা, গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।