এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি এখলাছ উদ্দিন, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ১২:০৮ এএম

অনলাইন সংস্করণ

#

কাপাসিয়া অবকাঠামো উন্নয়নে বিএনপির বড় কর্মপরিকল্পনা শুরু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো ও ধর্মীয় স্থাপনা উন্নয়নে এক বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সামাজিক অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই পরিকল্পনায় ১২টি মসজিদ, ১৪টি মন্দির ও শ্মশানঘাট সংস্কারের পাশাপাশি ৭টি সেতু এবং ৩টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা শাহ রিয়াজুল হান্নান এর সহযোগিতায় প্রকল্পটি এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত উপাসনালয়গুলো সংস্কার হলে ধর্মীয় কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে নতুন সড়ক ও সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে, যা স্থানীয় কৃষি, ব্যবসা ও শিক্ষার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে শাহ রিয়াজুল হান্নান জানান, উন্নয়ন কার্যক্রমে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, স্থানীয় পূজা উদযাপন সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা জমা দেওয়ার পর থেকেই এই উদ্যোগ বাস্তব রূপ পাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ধাপে ধাপে সব উপাসনালয়ের উন্নয়ন নিশ্চিত হবে।

এলাকাবাসীর মতে, এমন সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে কাপাসিয়ার যোগাযোগ, অর্থনীতি ও সামাজিক সম্প্রীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


এসবিএন/ এউরি