স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ , ০৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

কাপাসিয়া ক্লাস চলাকালে বজ্রপাত, অসুস্থ ১৪ শিক্ষার্থী; হাসপাতালে ভর্তি ৬

গাজীপুরের কাপাসিয়া বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতের ঘটনায় ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে উপজেলার বাড়িষাব ইউনিয়নের সিংঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর শিক্ষক ও স্থানীয়রা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে ৮ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হলেও শারীরিকভাবে বেশি অসুস্থ ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বজ্রপাতের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অসুস্থতার বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। ভর্তি থাকা শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে আগামীকাল দুপুরের মধ্যে অভিভাবকদের সঙ্গে বাড়িতে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই দ্রুত বিদ্যালয় ও হাসপাতালে ছুটে যান এবং সন্তানদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ঘটনার পরপরই অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালে ভর্তি ৬ শিক্ষার্থীর শারীরিক অবস্থার দিকে চিকিৎসক ও অভিভাবকরা নজর রাখছেন।


স্বাধীনবাংলা.নেট