স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ০৯:৪১ পিএম

অনলাইন সংস্করণ

#

শিক্ষায় বিপ্লবের ইঙ্গিত: প্রযুক্তিনির্ভর নতুন যুগে যাচ্ছে বাংলাদেশ—শিক্ষামন্ত্রীর ঘোষণা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়নে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। অতীতের সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে শিক্ষা কাঠামো সাজানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল এডুকেশন ব্যবস্থার প্রসার এখন সময়ের দাবি। এজন্য অনলাইন শিক্ষার পাশাপাশি অফলাইন কার্যক্রম সমন্বয় করে একটি হাইব্রিড শিক্ষা ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিবর্তনের কারণে শিক্ষা খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি-নির্ভর শিক্ষা ব্যবস্থাই হতে পারে টেকসই সমাধান। সভায় অংশগ্রহণকারী শিক্ষা কর্মকর্তারা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

এসবিএন