স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪৪ এএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচন ও রমজান বিবেচনায় চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দরের চলমান লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাস নির্বিঘ্ন রাখতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে এ সময়ের মধ্যে বন্দর শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্তসহ পাঁচ দফা সমস্যা সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। পরে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত থাকলেও ১৫ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় আন্দোলনকারীরা ফের কঠোর অবস্থানে যান।

দুদিনের বিরতির পর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও লাগাতার ধর্মঘট শুরু হলে বহির্নোঙরসহ বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়। সর্বশেষ ঘোষণায় ধর্মঘট স্থগিত হওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফেরার প্রত্যাশা করা হচ্ছে।