স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৭ এএম

অনলাইন সংস্করণ

#

ঈদের আগেই পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড, সরকারের দ্বিতীয় দিনেই ১৫ সদস্যের কমিটি

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। রোজার ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে গঠিত এ কমিটিকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুরুতে দেশের আট বিভাগের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচনের আগে তারেক রহমান ‘মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবার মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে; ভবিষ্যতে সুবিধার পরিমাণ বাড়ানো হতে পারে। কমিটির কার্যপরিধিতে উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি নির্ধারণ এবং জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডেটাবেজের সমন্বয়ে একটি ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। নারীকেন্দ্রিক বিদ্যমান কর্মসূচিকে ভিত্তি হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও যাচাই করা হবে।

সরকারের দ্বিতীয় দিনেই এমন উদ্যোগকে রাজনৈতিক মহল দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত হিসেবে দেখছে। তবে অতীতে অনুরূপ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ থাকায় স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


এসবিএন