স্বাধীনবাংলা, কিশোরগঞ্জ প্রতিনিধি স্বাধীনবাংলা, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:১৮ এএম

অনলাইন সংস্করণ

#

ভৈরব জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে অচলাবস্থা

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাসিলেটচট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল স্থগিত থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল ট্রেনটি ভৈরব বাজার জংশন অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। জংশন ছাড়ার প্রায় ১৫০ মিটার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক করা যায়নি। এতে দীর্ঘ সময় ধরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভৈরব বাজার জংশনে পৌঁছে সংকেত পাওয়ার পর সামনের দিকে অগ্রসর হয়। এ সময় হঠাৎ একটি কোচ লাইনচ্যুত হয়ে পড়লে স্টেশনের উভয় লাইন বন্ধ হয়ে যায়।

ঘটনার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে লাইন স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।


এসবিএন