স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ , ১১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

#

নিকারের অনুমোদন: দেশে যুক্ত হলো ৩ নতুন উপজেলা ও ১ নতুন থানা

  দে  শের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের লক্ষ্যে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, অনুমোদন পাওয়া নতুন উপজেলা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে পুনর্বিন্যাস করে হালদা নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। একইভাবে মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে বাঙ্গরা উপজেলা এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে পাগলা উপজেলা গঠন করা হবে।

এছাড়া হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার মাধ্যমে ওই অঞ্চলে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন অংশ প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদন করা হয়। বৈঠকে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, আইন, সড়ক পরিবহন, গৃহায়নসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের আশা, নতুন উপজেলা ও থানা গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ দ্রুত ও কার্যকর প্রশাসনিক সেবা পাবেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।


এসবিএন