স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০২ জুন ২০২৬ , ০৯:১৯ এএম

অনলাইন সংস্করণ

#

ট্রাম্পের কূটনৈতিক চমক, হিজবুল্লাহ-ইসরাইল উত্তেজনায় নতুন মোড়

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে নতুন কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং উত্তেজনা কমানোর বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহর পক্ষ থেকেও হামলা বন্ধের আশ্বাস এসেছে বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানায়, লেবাননের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে হিজবুল্লাহ তাদের অবস্থান জানিয়েছে। শর্ত হিসেবে বৈরুত ও আশপাশের এলাকায় ইসরাইলি হামলা বন্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গত কয়েক মাস ধরে ইরান-ইসরাইল উত্তেজনার প্রভাব লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়ে। উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলার পর পাল্টা বিমান হামলা চালায় ইসরাইল। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সীমান্ত এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক তৎপরতা বাড়ানোর পর পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।