স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৪ এএম

অনলাইন সংস্করণ

#

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেও ইস্তাম্বুলে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র : প্রেস টিভি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের প্রতিনিধির উপস্থিতিও থাকতে পারে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরা এই আলোচনায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারেন। ফলে আলোচনাটি কেবল দ্বিপক্ষীয় নয়, বরং আঞ্চলিক গুরুত্বও বহন করছে।

এই বৈঠকের সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সম্প্রতি দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা একটি কাঠামোগত অগ্রগতির দিকে যাচ্ছে। একই সঙ্গে তিনি ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা নিয়ে ছড়ানো গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান আগেই স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব হবে কঠোর ও পরিকল্পিত।

রোববার ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে তা পুরো অঞ্চলজুড়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের দেওয়া একাধিক পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এসব প্রস্তাবের মধ্যে ছিল—পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ।

 

এসবিএন