স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ০৩ মে ২০২৬ , ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জ ৫০ শয্যা হাসপাতাল হচ্ছে ১০০ শয্যায় উন্নীত, এমআরআইসহ আধুনিক সুবিধার ঘোষণা

গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্যখাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। তিনি জানিয়েছেন, উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী আরও বিস্তৃত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো আধুনিক স্বাস্থ্যসেবা শহর থেকে গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং এমআরআইসহ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের চিকিৎসা ব্যয় ও দূরবর্তী শহরে যাওয়ার ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতাল সম্প্রসারণ বাস্তবায়িত হলে কালীগঞ্জের সাধারণ মানুষ দ্রুত, সাশ্রয়ী এবং উন্নত স্বাস্থ্যসেবা পাবে, যা পুরো অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।


এসবিএন