স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ১২:৩১ এএম

অনলাইন সংস্করণ

#

রাজধানীর ব্যস্ত সড়ক নিউমার্কেটে প্রকাশ্যে গুলি: অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার রাতের ব্যস্ত সময়ে শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা দুই হামলাকারী ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত ছিল। গুলির পর স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময়ও তারা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আরও গুলি ছোড়ে। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলার কারণ, পূর্বপরিকল্পনা ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায় এমন প্রকাশ্য হত্যাকাণ্ড নগর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।


এসবিএন