স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ০১:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

#

টানা বর্ষণে ৫ জেলায় বন্যার শঙ্কা, পানিতে তলাচ্ছে মৌলভীবাজার-নেত্রকোনার বিস্তীর্ণ এলাকা

দেশব্যাপী ভারী থেকে অতিভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্থানীয় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। 

পানি উন্নয়ন বোর্ড ও বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও দ্রুত বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। বর্তমানে ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে নেত্রকোনা অঞ্চলে একাধিক নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী ৪ মে পর্যন্ত। এতে নিম্নাঞ্চল, হাওর ও সীমান্তবর্তী এলাকায় বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি কমার আগ পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। সরকারি সংস্থাগুলো স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নদীর পানি বৃদ্ধি, অব্যাহত বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।

এসবিএন