স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ০২:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

১৫ হাজার রানের দোরগোড়ায় কোহলি, ভাঙতে পারেন টেন্ডুলকারের রেকর্ড

 

ওয়ানডে ক্রিকেটে আরেকটি বড় মাইলফলকের সামনে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ৫০ ওভারের ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৫৯ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচেই সেই কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৩০২ ইনিংসে কোহলির সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। প্রায় ৫৮.৫৯ গড় নিয়ে ব্যাট করা এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৫৪টি শতক ও ৭৯টি অর্ধশতক।১৫ হাজার রান পূর্ণ হলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করবেন কোহলি। তবে শুধু ১৫ হাজার রান নয়, এর সঙ্গে দ্রুততম সময়ে এই রেকর্ডে পৌঁছানোর সুযোগও রয়েছে তাঁর।মাত্র ৫৯ রান করলে ৩০৩তম ইনিংসে ১৫ হাজার রানের ঘরে ঢুকে যাবেন কোহলি। টেন্ডুলকার ২০০৭ সালে ৩৭৭তম ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন। ফলে কোহলি সফল হলে টেন্ডুলকারের তুলনায় ৭৪ ইনিংস কম খেলেই এই মাইলফলকে পৌঁছাবেন।আজকের ম্যাচে তা না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে রেকর্ডটি গড়ার সুযোগ থাকবে কোহলির।

ক্যারিবীয়দের বিপক্ষে কোহলির পরিসংখ্যানও বেশ উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ ম্যাচের ৪১ ইনিংসে তিনি করেছেন ২ হাজার ২৬১ রান। তাঁর গড় ৬৬.৫০। এই দলের বিপক্ষে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি।তিরুবনন্তপুরমের মাঠও কোহলির জন্য সুখস্মৃতির। এই ভেন্যুতে দুটি ওয়ানডে খেললেও এখনো আউট হননি তিনি। সংগ্রহ ১৯৯ রান। এর মধ্যে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস।

সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি কোহলির জন্য শুধু আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ নয়; এটি হয়ে উঠতে পারে ওয়ানডে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলকের সাক্ষী হওয়ার উপলক্ষ।

স্বাধীনবাংলা .নেট