স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মে ২০২৬ , ০৮:১১ পিএম

অনলাইন সংস্করণ

#

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় কালো কাপড়ে প্রতিবাদ, সংবাদ বর্জনের আল্টিমেটাম

দেশের বিচারাঙ্গনে সংবাদ সংগ্রহে বাধা এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দীর্ঘ চার মাস ধরে দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে সংবাদকর্মীদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপের প্রতিবাদে রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো কাপড় ধারণ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আয়োজনে প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। প্রতিবাদকারীরা বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। আদালতে সংবাদকর্মীদের প্রবেশে বাধা সৃষ্টি করা হলে তা শুধু গণমাধ্যমের স্বাধীনতাই ক্ষুণ্ন করে না, বরং স্বচ্ছ বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।

বক্তারা সরকার, প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দ্রুত বিচারের দাবি তোলা হয়। মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে আদালতসংক্রান্ত সংবাদ বর্জনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে। গ্রেপ্তার সাংবাদিকদের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে বলা হয়, অন্যায়ভাবে আটক থাকলে তাদের দ্রুত মুক্তি দিতে হবে।


এসবিএন