প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ , ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
পাউরুটি উৎপাদনে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পটাশিয়াম ব্রোমেট ব্যবহার বন্ধ এবং বাজারজাতের সময় প্রতিটি প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের (এমএইচআরজিএফ) চেয়ারম্যান কবীর আলমগীরের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়।
রিটে খাদ্য সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দেশের কয়েকটি শীর্ষ বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের বিবাদী করা হয়েছে।
আবেদনে পাউরুটি উৎপাদনে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার সম্পূর্ণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মোড়কে ব্যবহৃত উপাদান স্পষ্টভাবে উল্লেখ করা এবং ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী কবীর আলমগীর জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাউরুটিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য উঠে আসার পর জনস্বার্থে এই রিট করা হয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্তত ৪০টি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। বাংলাদেশেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২ সালে এ রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করলেও বাস্তবে এর ব্যবহার নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
রিটে উল্লেখ করা হয়, দেশে প্রতিবছর ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং অনিরাপদ খাদ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রিটকারীর আইনজীবী সঞ্জয় মণ্ডল বলেন, খাদ্যের মাধ্যমে যেন মানুষের শরীরে ক্যানসার সৃষ্টিকারী উপাদান প্রবেশ না করে, সে লক্ষ্যেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
এর আগে ২০২১ সালে বিভিন্ন ব্র্যান্ডের পাউরুটির নমুনা পরীক্ষায় অধিকাংশ নমুনায় মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। এরপর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও অন্যান্য বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম আয়োডেটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মতে, পটাশিয়াম ব্রোমেট মানবদেহে থাইরয়েডের সমস্যা সৃষ্টি করতে পারে এবং এটি একটি সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী (কার্সিনোজেনিক) রাসায়নিক। এছাড়া জিনগত পরিবর্তন, ডায়রিয়া, বমি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে।
এদিকে ২০২৫ সালের নমুনা পরীক্ষাতেও কিছু পাউরুটিতে নিষিদ্ধ পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি এবং অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্যালসিয়াম প্রোপিওনেট পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10