স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৯ এএম

অনলাইন সংস্করণ

#

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল, আপিল বিভাগে লিভ খারিজ

কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণখেলাপির অভিযোগ উত্থাপন করলে বিষয়টি পর্যালোচনা করে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট তাঁর রিট সরাসরি খারিজ করে দেন।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন। আজ সেই আপিল খারিজ হওয়ায় কুমিল্লা-৪ আসনে তাঁর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হলো। এই রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

 

এসবিএন