প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। তারেক রহমানের এই আগমনকে ঘিরে বরিশালসহ পুরো উপকূলীয় অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন ধরেই জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর শীর্ষ নেতার আগমন স্থানীয় বিএনপিতে নতুন উদ্যম সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, এই জনসভা শুধু বিএনপি বা এর অঙ্গসংগঠনের নয়, বরিশালবাসীর প্রত্যাশার প্রতিফলন। মানুষ অধীর আগ্রহে নেতার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে।
আজ দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। জনসভাকে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসংযোগ ও সমন্বয় কার্যক্রম চালানো হচ্ছে। বিএনপির নেতাদের দাবি, এই জনসভা বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে দলটির নির্বাচনী সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন : দানের আলোয় আলোকিত পাগলা মসজিদ
বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই সফর পুরো বিভাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নেতারা আরও অভিযোগ করেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বরিশাল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। সম্ভাবনাময় এই উপকূলীয় অঞ্চল অবহেলার কারণে পিছিয়ে পড়েছে বলে দাবি তাদের।
বিএনপির
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি সরকার থাকাকালীন বরিশাল
বিভাগে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে তারেক
রহমান ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
এদিকে তারেক রহমানের সফর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, সভাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও মোবাইল টহল জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর বরিশালে তারেক রহমানের এই সফর আসন্ন নির্বাচনে বিএনপির জন্য কতটা সহায়ক হবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10