স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:৩০ এএম

অনলাইন সংস্করণ

#

কাপাসিয়ায় উন্নয়ন ও ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ধানের শীষ প্রার্থীর

গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আধুনিক ও উন্নত কাপাসিয়া গড়ে তোলা সম্ভব। তিনি ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সোমবার বিকেলে (২৬ জানুয়ারী) কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ এলাকায় অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

শাহ রিয়াজুল হান্নান বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করেছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও কাজ করবে। তিনি কাপাসিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা হবে। নির্বাচনে বিজয়ী হলে পরিবেশবান্ধব শিল্প স্থাপন, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

জনসভা শেষে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করে দলমতের ঊর্ধ্বে উঠে কাপাসিয়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

এসবিএন