স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৪ এএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ব্রীজের নিচ থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্তে পিবিআই-র‌্যাব

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইলিয়াস শেখ (২৫)। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামের বাসিন্দা এবং শরীফ শেখের ছেলে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার কোরুইল্লারটেক সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা সেতুর নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে একই সড়কে একটি সহিংস ঘটনার কথা শোনা যায়। দক্ষিণবাগ গ্রামের এক ব্যবসায়ী সেতুর কাছে দুর্বৃত্তদের হামলার শিকার হলেও কৌশলে পালিয়ে যান। তবে ওই ঘটনার সঙ্গে ইলিয়াস শেখের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনাতা এখনো নিশ্চিত নয়।

নিহতের মা লাইলী বেগম জানান, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে একটি ফোন কল আসার পর ইলিয়াস বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। পরদিন খোঁজাখুঁজির এক পর্যায়ে ব্রীজের নিচে পাওয়া মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন। তিনি অভিযোগ করে বলেন, তার ছেলের কোনো শত্রু ছিল না এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় পিবিআই ও র‌্যাব ছায়া তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এসবিএন / গাজীপুর