স্বাধীনবাংলা, ঢাকা প্রতিনিধি স্বাধীনবাংলা, ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ , ০৫:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

#

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিইসির কাছে পাঠানো এক চিঠিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতির জন্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর দলীয় তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

স্বাধীনবাংলা.নেট