স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:১৯ পিএম

অনলাইন সংস্করণ

#

দেশের একমাত্র রিফাইনারি ইআরএল বন্ধ !

দেশে জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে অপরিশোধিত তেলের ঘাটতি। সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়। এরপর পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ইআরএল কর্মকর্তারা জানান, মজুত কমে যাওয়ার পরও সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) লাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং ট্যাংকের ডেড স্টক ব্যবহার করে কিছুদিন কার্যক্রম চালানো হয়েছিল। তবে তা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সাধারণত প্রতিদিন প্রায় ৪,৫০০ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে ইআরএল। কিন্তু সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে ৩,৫০০ টনে নামানো হয়েছিল। মার্চের শুরুতেই ব্যবহারযোগ্য মজুত বিপজ্জনকভাবে কমে যায়।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আপাতত সরবরাহে কোনো ঘাটতি পড়বে না। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বৈশ্বিক উত্তেজনা এবং আমদানি বন্ধ থাকার প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান আসার কথা রয়েছে। ততদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নিতে হবে সরকারকে।


এসবিএন / এউরি