স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ০১:২১ পিএম

অনলাইন সংস্করণ

#

কমলাপুর রেলস্টেশন এখন ফাঁকা, সময়মতো চলছে ট্রেন

ঈদের ব্যস্ততা কাটতেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন এখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কয়েকদিন আগের উপচেপড়া ভিড়ের জায়গায় ফিরে এসেছে শৃঙ্খলা, আর নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা কয়েক দিনের যাত্রীচাপের পর রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এখন অনেকটাই স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। শুক্রবার (২০ মার্চ) সকালে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা কমে যায়।সাম্প্রতিক দিনগুলোতে যেখানে ঘরমুখো মানুষের ঢল নেমেছিল, সেখানে এখন দেখা যাচ্ছে তুলনামূলক ফাঁকা চিত্র। ট্রেনের ভেতরে পর্যাপ্ত বসার জায়গা রয়েছে, নেই আগের মতো অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা। ছাদে যাত্রী ওঠার মতো ঝুঁকিপূর্ণ ঘটনাও এখন আর চোখে পড়ছে না।রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ মোট ৫৪টি ট্রেন চলাচলের কথা রয়েছে। এর মধ্যে ৪৩টি আন্তনগর ট্রেন। সকাল পর্যন্ত প্রায় অর্ধেক ট্রেন সময়মতো ছেড়ে গেছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।কয়েক দিন আগে বগুড়ার সান্তাহার এলাকায় একটি দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। ঈদের আগের দিনগুলোতে ছাদে যাত্রী ওঠা ঠেকাতে নেওয়া বিশেষ ব্যবস্থার প্রয়োজন এখন আর দেখা যাচ্ছে না।

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস-এর এক যাত্রী জানান, “দুই দিন আগে এলে হয়তো ট্রেনে উঠতেই পারতাম না। আজ খুব স্বাচ্ছন্দ্যে সিটে বসে যাত্রা করতে পারছি, পরিবার নিয়ে ভ্রমণও অনেক সহজ হয়েছে।