স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫৭ এএম

অনলাইন সংস্করণ

#

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ পুনর্গঠনের সুযোগ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই সব ক্ষমতার মূল উৎস—এই বিশ্বাস থেকেই বিএনপির রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ভাবনা। তিনি বলেন, মানুষের সাধ্য ও বাস্তবতার বাইরে কোনো প্রতিশ্রুতি দেওয়ায় বিএনপি বিশ্বাস করে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকার সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়। এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তারেক রহমান বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতি দেয়, যা বাস্তবায়নযোগ্য। অলীক বা অসম্ভব কোনো প্রতিশ্রুতির রাজনীতি আমরা করি না। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেবল ভোটের দিন হিসেবে নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির ম্যানিফেস্টোতে নারীদের ক্ষমতায়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, বেকারদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, যার ফলে আজ বাংলাদেশে মেয়েরা প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা খরচে পড়াশোনা করতে পারছে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে গৃহিণীরা সরাসরি সরকারি সহায়তা পাবেন।

কর্মসংস্থান বিষয়ে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি এলাকায় একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হবে। সেখানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে এবং বিদেশে কাজের সুযোগ সৃষ্টি করা হবে।

বিদেশগামী শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থানের জন্য যেন কাউকে জমি বিক্রি করতে না হয়—সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষক ভালো থাকলেই দেশ এগিয়ে যাবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে। ঢাকা-১৫ এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতাল স্থাপন । দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, লক্ষ্য একটাই—বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলীয় নেতাকর্মীরা।


এসবিএন